দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন কেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তদন্ত কমিটির সাক্ষাৎকারে সাড়া দেননি। তিনি দাবি করেছেন, সাম্প্রতিক সময়ে সাত পরিচালক লোভ-ভয় দেখিয়ে পদত্যাগ করেছেন, যার পেছনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রভাব রয়েছে।
৬ আগস্ট অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের পর সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জাতীয় ক্রীড়া পরিষদে জমা দেয়। কমিটির প্রধান সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, আসিফ মাহমুদ সাক্ষাৎকারে হাজির হননি।
ফেসবুক পোস্টে আসিফ লিখেছেন, ‘প্রথমত, একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবির ওপর এখতিয়ার বহির্ভূতভাবে তদন্ত করছে মন্ত্রণালয়। দ্বিতীয়ত, তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তৃতীয়ত, উচ্চ আদালতে বিচারাধীন বিষয়ে তদন্ত কমিটি ও সংশ্লিষ্টরা আদালত অবমাননা করছেন।’
আসিফ মাহমুদের দাবি, বর্তমান পরিচালনা পর্ষদের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই সাত পরিচালক পদত্যাগ করেছেন। এর আগে ২৪ জানুয়ারি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ইশতিয়াক সাদেক পদত্যাগ করেন। ২৩ মার্চ মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনও পদত্যাগ করেন।
শনিবার বোর্ড সভার দিনে আরও চার পরিচালক পদত্যাগ করেন। সভা চলাকালীন প্রথমে পদত্যাগ করেন ফাইয়াজুর রহমান। সভা শেষে দায়িত্ব ছাড়েন শানিয়ান তানিম ও মেহরাব আলম চৌধুরী। মধ্যরাতে পদত্যাগের তালিকায় যোগ দেন মঞ্জুর আলম। এই চারজনই বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ফাইয়াজুর রহমান ছিলেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও সিসিডিএমের সিনিয়র ভাইস চেয়ারম্যান। শানিয়ান তানিম ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির, মেহরাব আলম চৌধুরী সিকিউরিটি কমিটির প্রধান এবং মঞ্জুর আলম মেডিকেল বিভাগের দায়িত্বে ছিলেন।
আসিফের অভিযোগ, ‘চতুর্থত, ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড ডিরেক্টরদের পরের বোর্ডে পদ পাওয়ার লোভ দেখান, রাজি না হলে ভয় দেখিয়ে পদত্যাগ করান।’
তিনি আরও লিখেছেন, ‘যখন আমাকে তদন্ত কমিটি থেকে সাক্ষাৎকারের জন্য নোটিশ দেওয়া হলো, তখন আমি জানতে চেয়েছিলাম উচ্চ আদালতে বিচারাধীন বিষয় ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিষয়ে তারা তদন্ত করতে পারবে কি না। কোনো সদুত্তর পাইনি। আমি এসব নিয়মবহির্ভূত ও আদালত অবমাননার কাজে অংশ নেব না। এজন্যই তদন্ত কমিটির নোটিশে সাড়া দিইনি।’
এমএস/